সময়পত্র ডেস্ক: সাভারের একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান তারা। পরে ড্রামটি খুলে ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকারের মতো দেখতে একটি বস্তু পাওয়া যায়।
বিষয়টি জানাজানি হওয়ার পর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছান।
পুলিশ জানিয়েছে, প্রেসার কুকারের মতো দেখতে বস্তুটি আদৌ বিস্ফোরক বা বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ড্রামটি কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

