সময়পত্র ডেস্ক: রাজধানীতে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়ি—দুই জায়গাতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কোথাও স্টেশন বন্ধ, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের একাধিক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কিছু স্টেশনের সামনে ‘গ্যাস নেই’ লেখা নোটিশও টানিয়ে রাখা হয়েছে।
স্টেশন-সংশ্লিষ্টরা জানান, সাধারণত গভীর রাতে কিছুটা গ্যাস সরবরাহ এলেও চাপ খুবই কম থাকে। তবে বুধবার দুপুর পর্যন্ত অনেক স্টেশনেই কোনো গ্যাস পাওয়া যায়নি।
এদিকে, বাসাবাড়িতেও গ্যাসের স্বল্পচাপের কারণে রান্নাবান্নায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেক এলাকায় চুলা জ্বললেও পর্যাপ্ত চাপ না থাকায় স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টদের ভাষ্য, গত শুক্রবার ও শনিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সপ্তাহের শুরু থেকে আবার সরবরাহ কমতে শুরু করেছে। এর ফলে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

