ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ মহারণের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।
৪৮টি দল, ১০৪টি ম্যাচ এবং তিনটি আয়োজক দেশজুড়ে প্রায় এক মাসের লড়াই শেষে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে, আর স্পেন মাঠে নামছে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে।
নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের নজির গড়েছে আলবিসেলেস্তেরা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য জয়। আমরা শুধু জয়ের কথাই ভাবছি। এই দলের সাফল্য কোনো একদিনে আসেনি, বছরের পর বছর ধরে সবাই মিলে কঠোর পরিশ্রমের ফল এটি। কখনও কখনও আমরা কী অর্জন করেছি তা ভাবলে আবেগাপ্লুত হয়ে পড়ি।”
এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। তিনি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন। পেলে ও কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে এই কীর্তি গড়ার পাশাপাশি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগও রয়েছে তার সামনে।
অন্যদিকে, ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা লা রোহারা শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত মিডফিল্ড এবং তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরেই সাজিয়েছে তাদের পরিকল্পনা।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ফাইনাল নিয়ে বলেন, “আমার মতে, এটি বিশ্বের সেরা দুটি জাতীয় দলের লড়াই। দুই দলের খেলার ধরন, মানসিকতা ও খেলোয়াড়দের গুণগত মানের মধ্যে অনেক মিল রয়েছে। তাই আমি মনে করি দর্শকরা একটি অসাধারণ ও স্মরণীয় ম্যাচ উপভোগ করবেন।”
পরিসংখ্যানও বলছে, দুই দলের লড়াই হবে সমানে সমান। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ও স্পেন দু’দলই জিতেছে ৬টি করে ম্যাচ। তবে বিশ্বকাপের আসরে একমাত্র দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা কি নতুন ইতিহাস গড়বে, নাকি ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে উঠবে— সেই উত্তর মিলবে আজ রাতের ফাইনালেই।

