ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে আটলান্টায় পৌঁছায় লিওনেল স্কালোনির দল। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে কানসাস সিটি থেকে যাত্রা শুরু করে আলবিসেলেস্তেরা।
২০২৬ বিশ্বকাপে আটলান্টায় এটি হবে শেষ ম্যাচ। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে একই মাঠে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনালকে ঘিরে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২ হাজার ৩০০ মার্কিন ডলার।
অন্যদিকে, টিকিট বিক্রির প্ল্যাটফর্ম স্টাবহাবে গ্যালারির ওপরের অংশের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার ৮০০ ডলারে। মাঠের মাঝামাঝি নিচের সারির দুটি আসনের মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ডলারেরও বেশি।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায়। ম্যাচের বিজয়ী দল ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন অথবা ফ্রান্স।

