ক্রীড়া ডেস্ক: ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিফাইনালের এই বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে উত্তেজনা। ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
সম্প্রতি ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল বলেন, লিওনেল মেসিকে নিয়ন্ত্রণ করতে পারলেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার ভাষায়, আর্জেন্টিনার অধিনায়ককে প্রভাব বিস্তার করার সুযোগ না দিলেই ম্যাচ নিজেদের পক্ষে নেওয়া সম্ভব।
মজার ছলে কোল বলেন, ‘মেসিকে থামানোর উপায় হলো তাকে ঘুম পাড়িয়ে দেওয়া। আমরা সেটাই করতে যাচ্ছি। আমি শতভাগ আত্মবিশ্বাসী।’
শুধু রক্ষণ নয়, ইংল্যান্ডের আক্রমণভাগ নিয়েও আশাবাদী সাবেক এই মিডফিল্ডার। তার বিশ্বাস, দলের ফরোয়ার্ডরা আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম হবে। তবে তিনি এটিও স্বীকার করেন যে, লিওনেল স্কালোনির দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং তাদের হারানো মোটেও সহজ হবে না।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২, ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ ও ২০০২ সালের আসরে দুই দলের লড়াই ফুটবলপ্রেমীদের স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।
সবশেষ ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের একমাত্র পেনাল্টি গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এবার সেমিফাইনালের মঞ্চে নামছে। ফলে দুই ফুটবল পরাশক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে।

