ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি আরও একবার প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার এই অধিনায়ক আক্রমণ গড়া, সুযোগ সৃষ্টি এবং গোল করার ক্ষেত্রে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।
পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ক্রস করেছেন মেসি। যা প্রমাণ করে তিনি শুধু গোলদাতা নন, দলের আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এছাড়া প্রতিপক্ষের গোলমুখে সর্বোচ্চ ২৯টি শট নিয়েছেন তিনি। টুর্নামেন্টে এ পর্যন্ত একটি অ্যাসিস্টও করেছেন। মাঝমাঠ ও রক্ষণভাগের মাঝামাঝি এলাকায় বল গ্রণের ক্ষেত্রেও সবার ওপরে আছেন তিনি। এ পর্যন্ত ৯৭ বার ওই অঞ্চলে বল গ্রহণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে সবচেয়ে আলোচিত পরিসংখ্যানটি তার গোল করার ধারাবাহিকতা। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি গোল করে বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে মেসির পরিসংখ্যান স্পষ্ট করে, তার অবদান শুধু গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। আক্রমণ গড়ে তোলা, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া এবং দলকে এগিয়ে নেওয়ার প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে চলেছেন গুরুত্বপূর্ণ প্রভাব।

