ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে দলে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। ইনজুরি কাটিয়ে আবারও পূর্ণমাত্রায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।
দলের চিকিৎসক ও কোচিং স্টাফের পর্যবেক্ষণে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে নামতে পারেন এই সেন্টার-ব্যাক।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোমেরোকে। তবে আশঙ্কার তুলনায় দ্রুত সেরে ওঠায় তার ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে আর্জেন্টিনা শিবির।
রোমেরোর প্রত্যাবর্তনে দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পূর্ণ শক্তির দল নিয়ে নকআউট মিশন শুরু করতে আত্মবিশ্বাসী।
আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

