ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে মজার এক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
বুধবার (১৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হাস্যরস করে বলেন, “আমি তো ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছিলাম।”
ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা চলাকালে দেওয়া এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে এটি যে নিছকই রসিকতা ছিল, সেটিও স্পষ্ট করে দেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
তিনি মরক্কোকে ব্রাজিলের গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের বিপক্ষে ড্র করাকে বড় কোনো ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।
লুলা আরও বলেন, “যখনই ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ করা হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে। দেখা যাক এবার কী হয়।”
প্রথম ম্যাচে এক পয়েন্ট পাওয়ার পর এখন ব্রাজিলের লক্ষ্য পরবর্তী ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা। আগামী ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।
এদিকে ব্রাজিল শিবিরে স্বস্তির খবরও রয়েছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। সাম্প্রতিক অনুশীলনে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে মজা করে বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”
তবে বিশ্বকাপের চলমান আসরে নেইমার কবে মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত করেনি ব্রাজিল দলের কোচিং স্টাফ। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

