ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। মাঠের লড়াইয়ের পাশাপাশি আয়ের দিক থেকেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০২৫ সালের হিসাব বলছে, এই প্রতিযোগিতায় সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী রোনালদোর বার্ষিক মোট আয় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে তিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন। তার মোট আয়ের মধ্যে প্রায় ২৩০ মিলিয়ন ডলার এসেছে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে। বাকি প্রায় ৫০ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, বিজ্ঞাপন এবং ব্যক্তিগত বিনিয়োগ থেকে। নাইকি, বিন্যান্স, হার্বালাইফ ও হুপের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব রয়েছে।
আয়ের দিক থেকে রোনালদোর পরেই রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার বার্ষিক আয় প্রায় ১২০ মিলিয়ন ডলার। মাঠ থেকে তিনি আয় করেছেন ৫০ মিলিয়ন ডলার, আর মাঠের বাইরের বিভিন্ন বাণিজ্যিক চুক্তি ও ব্র্যান্ড প্রচারণা থেকে এসেছে আরও ৭০ মিলিয়ন ডলার। এ ক্ষেত্রে মাঠের বাইরের আয় দিয়ে তিনি রোনালদোকেও ছাড়িয়ে গেছেন।
নতুন প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের মোট বার্ষিক আয় ৯৫ মিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদের হয়ে তার বেতন প্রায় ৭০ মিলিয়ন ডলার, যা ইউরোপীয় ফুটবলে অন্যতম সর্বোচ্চ। তবে বাণিজ্যিক চুক্তি ও স্পন্সরশিপ থেকে তার আয় ২৫ মিলিয়ন ডলার, যা রোনালদো ও মেসির তুলনায় অনেক কম। নাইকি, হাবলো এবং ডিওরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
পরিসংখ্যান বলছে, আধুনিক ফুটবলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ব্যক্তিগত ব্র্যান্ড মূল্যও খেলোয়াড়দের আয়ের বড় উৎস হয়ে উঠেছে। আর এই জায়গায় দীর্ঘদিনের জনপ্রিয়তা ও বিশ্বজুড়ে বিপুল ভক্তসমর্থনের কারণে এখনও রোনালদো ও মেসিই এগিয়ে আছেন।

