সময়পত্র ডেস্ক: বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবল খেলেই আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথম সাফল্য পায় আর্জেন্টিনাই। প্রথমার্ধে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক ভলি শটে প্রতিপক্ষের জাল কাঁপান ডিফেন্ডার বারকো। নিচু হয়ে আসা শক্তিশালী শটটি আইসল্যান্ডের গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। দৃষ্টিনন্দন এ গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে আর্জেন্টিনার ডাগআউটও।
এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যেই ম্যাচে নিজের প্রভাব দেখান তিনি।
ম্যাচের ৭২ মিনিটে লাউতারো মার্তিনেজকে দারুণ একটি পাস দেন মেসি। সেই আক্রমণ থামাতে গিয়ে ফাউল করেন আইসল্যান্ডের গোলরক্ষক, ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
শেষদিকে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ ভাগে আলমাদার গোলে আরও একবার বল জালে জড়ালে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার বার্তা দিল আর্জেন্টিনা।

