বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। তিনি বলেছেন, রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের সময় তিনি এ ঘোষণা দেন।
পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে সাধারণত বোঝানো হয়, বান্দরবানে তেমন পরিস্থিতি নেই। অনেক কিশোরই এখনো পরিস্থিতি ঠিকভাবে বুঝতে পারছে না। এই সময়টা তাদের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার সময়। যদি তারা এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, তাহলে শিক্ষাজীবনে বড় ক্ষতি হবে।’
তিনি আরও বলেন, বর্তমানে তারাবি নামাজ চলমান থাকায় নামাজ শেষে কিশোরদের বাড়ি ফেরার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। তবে এর পরও রাত ১০টার পরে কোনো কিশোরকে রাস্তায় দেখা গেলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানের দায়িত্ব অন্য কারও ওপর না দিয়ে নিজেই তাদের প্রতি নজরদারি রাখা জরুরি। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে বা কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে খোঁজ রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। রাত ১০টার মধ্যে সন্তান বাসায় না ফিরলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, যদি সত্যিই কোনো কিশোর গ্যাং সক্রিয় থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।

