দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক–এর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে গভর্নর পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
এতে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত বাকি বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন গভর্নর কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন পেশাজীবী হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর অ্যাকাউন্টিং বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইসিএমএবি’র ফেলো এই পেশাজীবী পূর্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নতুন গভর্নর নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকে পরিচালক ও অতিরিক্ত পরিচালক পর্যায়ে কিছু বদলি আনা হয়েছে। গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন করা হয়েছে।

