আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগত ব্যক্তিদের অবস্থান নিষিদ্ধ থাকবে।
এর আগে ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্য দিয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র নির্বাচনী কার্যক্রমে সরাসরি যুক্ত ব্যক্তি, কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটাররা নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন। এর বাইরে অন্য কোনো ব্যক্তি সেখানে অবস্থান করতে পারবেন না।
নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

