গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য সম্প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো এক লিখিত নির্দেশনায় নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায়। এর আগে বিএনপির পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় এবার আরও সাতটি রাজনৈতিক দলের আবেদন অনুমোদন করেছে ইসি। নতুন করে যেসব দলের প্রধানদের বক্তব্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নির্দেশনায় এসব দলের শীর্ষ নেতাদের বক্তব্য প্রচারের জন্য প্রয়োজনীয় আয়োজন ও সম্প্রচার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিটিভি কর্তৃপক্ষকে বলা হয়েছে।

