জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বক্তব্য দিচ্ছেন এবং ভারত কার্যত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ছে।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় ভারত যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক রাজনৈতিক সভা-মিছিলে অংশ নিতে বাধ্য করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তার অভিযোগ, নির্বাচন কমিশন সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং তারা একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, অতীতে রাজউকের ফ্ল্যাট বিতরণসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের উদাহরণ টেনে নির্বাচিত হলে দুর্নীতিবাজ ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেন।

