নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহসহ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান কিংবা উপহার প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচারণার নামে কতিপয় ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছে—এমন তথ্য নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এতে আরও উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে কিংবা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নির্বাচন কমিশন সকল নাগরিক, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনকে আইন ও আচরণবিধি মেনে চলার পাশাপাশি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

