বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন দায়িত্বশীলতা ও যোগ্যতার সঙ্গেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।
সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে চিহ্নিত অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর পথে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই প্রতিবছর তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আদর্শ অনুসরণ করে বিএনপি এগিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে নতুনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলটি কাজ করবে বলে জানান তিনি।
দলের একাধিক নেতার মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মনোনয়ন যাচাইয়ের সময় কিছু সমস্যা দেখা দেওয়াটা নতুন কিছু নয়। তবে নির্বাচন কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত মোটামুটি সন্তোষজনক বলেই তাদের কাছে মনে হয়েছে। যেসব বিষয়ে আপত্তি ছিল, সেগুলো ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

