আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, প্রচার শুরুর দিন সকালে তারেক রহমান সিলেটে অবস্থিত হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে জনগণের কাছে দলের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরতে ২২ জানুয়ারি থেকে ধারাবাহিক কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে এবং এর পরদিন থেকেই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু করার সুযোগ থাকবে।
সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন জেলায় প্রচারণা চালাবেন। এ সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজারে জনসভা এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এর আগে, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত করা হয়।

