ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই তিনি দেশে ফিরে আসেন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে দিল্লি ও ঢাকার মধ্যে সৃষ্ট টানাপোড়েন, পারস্পরিক অভিযোগ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়।
নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশ সাময়িকভাবে এসব মিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়। পরিস্থিতির ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীনভাবে একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হয়।
এ অবস্থার মধ্যেই গত শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২ হাজার ৯০০টি সহিংস ঘটনার’ অভিযোগ করেন। এর প্রতিক্রিয়ায় রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দেন।

