ডেস্ক রিপোর্ট: বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পোস্টাল ভোটে অংশগ্রহণে আগ্রহ দিনদিন বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী বাংলাদেশি।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ১১ হাজার ১৫০ জন।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নিবন্ধনের সংখ্যা ১৪ হাজার ২৩৬ জন। এর পরের অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (৯ হাজার ৭৫ জন), কানাডা (৭ হাজার ৮৭ জন), জাপান (৬ হাজার ৪৫২ জন), অস্ট্রেলিয়া (৬ হাজার ২৭ জন) এবং দক্ষিণ আফ্রিকা (৪ হাজার ৪৮০ জন)।
এদিকে অ্যাপে ভুল ঠিকানা বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ সাতটি দেশে সাময়িকভাবে পোস্টাল ভোটার নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আজকের মধ্যেই ওই দেশগুলোতে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসি সূত্রে জানা যায়, বুধবার রাতে লক্ষ্য করা যায়—সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রবাসীরা ইংরেজিতে পূর্ণ ঠিকানা ও সঠিক পোস্ট কোড অ্যাপে দিতে পারছিলেন না। বাধ্যতামূলক ঘরে অসম্পূর্ণ তথ্য জমা পড়ায় সাময়িকভাবে নিবন্ধন স্থগিত করা হয়। দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের সঠিক ঠিকানা প্রদানের বিষয়টি জানানো হচ্ছে।
অন্যদিকে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে এখন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যে কোনো দেশ থেকেই অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করা যাবে।
এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা দেশের নির্বাচনী ব্যবস্থায় একটি ঐতিহাসিক অগ্রগতি। তিনি জানান, একই সঙ্গে সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ কর্মস্থল জেলার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ লাখ ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

