সময়পত্র ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে এ বছর রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে আন্দোলনের ঘটনাও ঘটে।

