সময়পত্র ডেস্ক: ইরানকে ঘিরে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক নিয়েও এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। খবর আল-জাজিরার।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য যে পদক্ষেপ সবচেয়ে উপযোগী হবে, তিনি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনের ধারণা, এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশল কার্যকর হচ্ছে।
এ ছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দেশটির নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও আর কার্যকর অবস্থায় নেই।

