সময়পত্র ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের আয়োজনে এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এর ব্যবহার যেন কোনোভাবেই মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন প্রধান বিচারপতি। এ সময় মানুষের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা।

