ক্রিড়া ডেস্ক: প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি ও আর্লিং হালান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে ম্যানসিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি।
বিরতির পর ৫৫ মিনিটে গোলের দেখা পান রায়ান চেরকি। বক্সের ভেতর একাধিক ডিফেন্ডারের ভিড়ের মধ্য দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে জালে পাঠান ফরাসি এই মিডফিল্ডার।
তবে দুই মিনিট পরই ম্যাচে ফেরার আশা জাগায় ক্রিস্টাল প্যালেস। ইয়েহেমি পিনোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে ম্যানসিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এরপর ৫৮ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান চেরকি। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফ্লেক্ট হয়ে দিক পরিবর্তন করলে প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন আর বলের গতিপথ সামলাতে পারেননি।
ম্যাচের ৮৪ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা।
প্রিমিয়ার লিগে এটাই চেরকির প্রথম জোড়া গোল। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ক্রিস্টাল প্যালেস।

