সময়পত্র ডেস্ক: ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার চিরচেনা লম্বা চুল কেটে এবার বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’ স্টাইল। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছোট ভিডিওতে নতুন লুকের দেখা মেলে নরওয়ের এই তারকার।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল পরিবর্তন করেছেন হালান্ড। কখনো পনিটেল, আবার কখনো লম্বা চুল খোলা রেখেই মাঠে দেখা গেছে তাকে। তবে এবারের ছোট চুলের স্টাইলটি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য বেশ ব্যতিক্রমী।
নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর গ্রীষ্মের ছুটিতে বেশ স্বচ্ছন্দ সময় কাটিয়েছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়ট ভ্রমণের পাশাপাশি সিসিলির আশপাশেও নৌভ্রমণ করেছেন তিনি।
হালান্ডের চুলের স্টাইল নিয়ে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনেও ২০২৩ সালে জানিয়েছিলেন, হালান্ডের লম্বা চুল দেখে তার সন্তানরাও অনুপ্রাণিত হয়েছিল।
গত সপ্তাহে কমিউনিটি শিল্ডে অবশ্য পনিটেল স্টাইলেই মাঠে নেমেছিলেন হালান্ড। এবার নতুন ‘বাজ কাট’ লুকে তাকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা।

