সময়পত্র ডেস্ক: ডারউইন টেস্টের হার ভুলে ম্যাকাই টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ম্যাচে মাত্র ৫১ রান খরচ করে ১০ উইকেট শিকার করেছেন তিনি। এটি টেস্ট ক্যারিয়ারে স্টার্কের চতুর্থবারের মতো এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি।
প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি করে বাংলাদেশ। চা-বিরতির পর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে টাইগারদের ইনিংসের ইতি টানেন অফস্পিনার নাথান লায়ন। শেষ পর্যন্ত ৯৫ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
এর ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একই টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশের।
অন্যদিকে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২১০ রান ছিল টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে জয়ের ক্ষেত্রে কোনো দলের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
ম্যাচটি মাত্র দুই দিনে শেষ হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে এটি ইতিহাসের দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচের স্বীকৃতিও পেয়েছে।

