ক্রীড়া ডেস্ক: ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষ হওয়ার পরই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী রোনালদো। সেখানে তিনি বলেন, সম্ভবত এটাই ফুটবলে তার শেষ বছর। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রেখে যেতে চান বলেও জানান তিনি।
রোনালদো বর্তমানে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৪ গোল দূরে রয়েছেন। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জনের পর এবার মাঠের বাইরের জীবন নিয়েও ভাবছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ফুটবল ছাড়ার পর জীবনযাপন কেমন হবে, সেটিও অনেকটা পরিকল্পনা করে রেখেছেন রোনালদো। তবে একটি নির্দিষ্ট কাজে নিজেকে আটকে না রেখে পরিবার ও নিজের পছন্দের বিভিন্ন বিষয় উপভোগ করতে চান তিনি। ভ্রমণ, আনন্দ করা এবং প্যাডেল খেলার মতো কর্মকাণ্ডে সময় দেওয়ার ইচ্ছার কথাও জানান।
পর্তুগালের স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ফুটবলে পা রাখেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নয় মৌসুমে ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেন পর্তুগিজ তারকা।
পরবর্তীতে জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন রোনালদো। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি।
আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে সাম্প্রতিক বক্তব্যে রোনালদো যে ইঙ্গিত দিয়েছেন, তাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি মৌসুম শেষে তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটতে পারে।

