সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যাচাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। পরে সেটি বৈধ ঘোষণা করা হয়।
এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় শেষ হবে ১৮ আগস্ট বিকেল ৪টায়।

