সময়পত্র ডেস্ক: দেশের আদালতগুলোতে মামলার চাপ কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে নতুন করে আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ ধাপে নতুন এই ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বর্তমানে দেশের মোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে সময় কমার পাশাপাশি প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
মামলার দীর্ঘসূত্রতা কমাতে আদালতের বাইরে মধ্যস্থতা (মেডিয়েশন) এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত বিচার পৌঁছে দেওয়াই এর অন্যতম লক্ষ্য।
এ ছাড়া আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে যেসব জেলা বিচার বিভাগীয় কার্যক্রমে ভালো করবে, তাদের উৎসাহ দিতে বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

