সময়পত্র ডেস্ক: দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, মোট মৃতদের মধ্যে ৭৮৬ জন হামের উপসর্গে এবং ৯৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪১ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন। ফলে দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

