নিজস্ব প্রতিনিধি: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১৭২ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১৮ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

