সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউনের মারারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় ৭ রানেই তানজিদ হাসান কোনো রান না করে আউট হন। এরপর সাদমান ইসলাম ৩১, মুমিনুল হক ১৬ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। এরপর অমিত হাসান ১৫ ও সৌম্য সরকার ১৬ রান করে ফিরলে ব্যাটিং লাইনআপে ধস নামে।
তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। লেজের সারির ব্যাটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তিনি।
শেষ পর্যন্ত ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন।
জবাবে দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচটি দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

