সময়পত্র ডেস্ক: গ্যাসের মূল্য বাড়ানোর বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
শনিবার (১ আগস্ট) রাতে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এক বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করে পেট্রোবাংলা।
সংস্থাটি জানায়, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
এর আগে, দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের একটি প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির পাম্প মূল্য প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে পেট্রোবাংলার সর্বশেষ বক্তব্য অনুযায়ী, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

