সময়পত্র ডেস্ক: দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ও জামাতা ছিলেন।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি দেশে ফিরেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন এই অভিনেতা। চিকিৎসার পাশাপাশি তিনি মেয়ে ইমা ইসলামের বাসাতেও ছিলেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার শনাক্ত হয়।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। এরপর আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, ১২ সপ্তাহের নিবিড় চিকিৎসার সময়ে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। পরবর্তী চিকিৎসা ধাপসহ সব মিলিয়ে তার প্রায় ১০০টি কেমোথেরাপি নেওয়ার কথা জানিয়েছে পরিবার।
চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করে দেশে ফিরলেও ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা দেশে থেকেই চালিয়ে যাবেন তিনি।

