সময়পত্র ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। এবার নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তিগত অ্যাকাউন্টধারীরা কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে আসল ও ভুয়া অ্যাকাউন্ট আলাদা করা সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে ভুয়া প্রোফাইল, বার্তা ও কনটেন্ট তৈরি আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। এ কারণে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবং অনলাইন প্রতারণা কমাতে এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হচ্ছে।
ভেরিফায়েড ব্যাজ পেতে আগ্রহী ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করবে ফেসবুকের সিস্টেম। সাধারণত কয়েক মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
তবে এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টগুলো এই সুবিধার আওতায় আসবে না।
ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর ব্যাজটি প্রথম পর্যায়ে ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপস এবং ফেসবুক ডেটিংয়ে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে। আপাতত ফেসবুক পেজ বা প্রো মোড অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে সেবা চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

