সময়পত্র ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। মাতৃত্বের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও এখন নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, শুটিংয়ে গেলে যমজ দুই সন্তানকে কীভাবে সামলান।
শিমু বলেন, যমজ দুই ছেলেকে নিয়েই এখন তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটছে। সন্তানদের বড় করে তোলার জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তবে এখন ধীরে ধীরে অভিনয়ে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ সময় পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটির পোস্টার প্রকাশের পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে শিমু বলেন, দর্শকদের প্রত্যাশা বেড়ে যাওয়ায় তার দায়িত্বও অনেক বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
এর আগে ‘এফএনএফ’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ললিতা’, ‘স্বপ্নচূড়া’ ও ‘লেট ড্রাইভ লেন’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবারও ভালো গল্প ও শক্তিশালী টিমের কারণেই নতুন কাজে যুক্ত হয়েছেন বলে জানান।
শিমু বলেন, অভিনয় সবসময়ই তার ভালোবাসার জায়গা। পরিবারকে সময় দেওয়ার জন্য কিছুদিন দূরে থাকলেও অভিনয়কে কখনো ভুলে যাননি। এখন আবার নিয়মিত কাজ করার উপযুক্ত সময় এসেছে বলে মনে করছেন তিনি। সামনে নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চান না।
শুটিংয়ের সময় সন্তানদের সামলানোর প্রসঙ্গে শিমু জানান, শুরুতে বাইরে গেলে দুই ছেলে অনেক কান্নাকাটি করত। তবে ধীরে ধীরে তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন তিনি বাইরে বের হলে দুই সন্তান হাসিমুখে ‘আম্মু, টা টা’ বলে বিদায় জানায়।
তিনি আরও বলেন, বাইরে থেকে ফিরে এলে দুই ছেলে খেয়াল করে তিনি ঘরের পোশাক পরেছেন কি না। যদি দেখেন এখনো বাইরে যাওয়ার পোশাকেই আছেন, তখন তারা জানতে চায় আবার কোথাও যাচ্ছেন কি না। শিমুর ভাষায়, সময়ের সঙ্গে সঙ্গে তার দুই সন্তান নতুন বাস্তবতার সঙ্গে সুন্দরভাবেই মানিয়ে নিতে শিখছে।

