সময়পত্র ডেস্ক: চলতি বছরে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৭৪ জন, যা এ সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ।
ডব্লিউএইচওর সদর দপ্তর জেনেভায় জমা হওয়া বৈশ্বিক হাম ও রুবেলা সংক্রমণসংক্রান্ত প্রাথমিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির প্রকাশিত নজরদারি প্রতিবেদন ব্যবহার করে গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)ও বৈশ্বিক হাম পরিস্থিতি তুলে ধরেছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম ও হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রতিবেদন বলছে, বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশ হাম সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

