সময়পত্র ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে। এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জনের।
এ সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৪১১ জন।

