নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নয়াপাড়া মডেল একাডেমীর উদ্যোগে বেসরকারি বৃত্তি পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহিম মিঞা এবং সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম তানভীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাজী মোঃ আব্দুল আল মামুন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন রুবেল, সিংগাইর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম খোকন।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন নয়াপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল মান্নান, নয়াপাড়া মডেল একাডেমীর সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন ইমতিয়াজ, বিএনপি নেতা মিজানুর রহমান রতন, মোঃ ইখলাস উদ্দিন, মোঃ সালাউদ্দিন মিলন, ব্যবসায়ী মোঃ আব্দুল ওহাব, মোঃ নাজিম ও মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি নয়াপাড়া মডেল একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা চর্চা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা ও খেলাধুলার সমন্বয়েই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

