সময়পত্র ডেস্ক: তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিরোধ নিরসনে ইরান আগ্রহী। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আগে আস্থা পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, প্রথমে যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে ইরানের সরকার বা প্রশাসন উৎখাত করার কোনো অভিপ্রায় তাদের নেই। ওয়াশিংটন সত্যিই সমঝোতা চায় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানের প্রশাসনকে উৎখাত করা।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলও তাদের বক্তব্যে বলেছে, তারা ইরানের সরকারকে নিষ্ক্রিয় করে দিতে চায়; আলোচনা করতে নয়।
পেজেশকিয়ান প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সঙ্গে বিরোধের সমাধান করতে আগ্রহী হয়, তাহলে আলোচনার মাঝখানে কেন ইরানের ওপর হামলা চালানো হলো। তিনি বলেন, আলোচনার সময় কেন ইরানের বিজ্ঞানী, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে—এ প্রশ্নেরও উত্তর দিতে হবে ওয়াশিংটনকে।

