সাইফুল ইসলাম তানভীর :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঐতিহ্যের আবহে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল বৈশাখী শুভযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে পালকি, মাথাল, লাঙ্গল ও কাস্তেসহ নানা উপকরণ স্থান পায়। অংশগ্রহণকারীদের পোশাক-পরিচ্ছদেও ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া অতিথিদের জন্য পান্তাভাত, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি ও রুই মাছসহ বাঙালি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। আগতদের গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

