জামালপুরে মাত্র একদিনের ব্যবধানে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান স্বজনরা। সেই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। শিশুটি কান্নাকাটি করে তার মাকে সব জানালে শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই ২৪ ঘণ্টায় জেলার আরও পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু, ইসলামপুর পৌর এলাকার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছর বয়সী এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।
একই দিনে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজও চলছে।

