গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রংপুরের কাউনিয়া উপজেলার দুই তরুণ—মো. আলামিন (২৩) ও মো. রকি (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে কাউনিয়া থেকে ভাঙারির মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পথিমধ্যে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন তারা।
এ সময় হঠাৎ একটি দ্রুতগতির যানবাহন এসে তাদের চাপা দিলে গুরুতর আহত হন দুই বন্ধু।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে দুজনই মারা যান।
নিহত রকি কাউনিয়া উপজেলার শাহাবাজ এলাকার আলমগীরের ছেলে। অপরদিকে আলামিন হরিশ্বর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
সোমবার বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

