যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
কালিবাফ অভিযোগ করেন, আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব ফেলতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দিকে ইঙ্গিত করেন।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরু করার পর এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদেরই এক ধরনের জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজছে।
ইরানি এই শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগ্রাসনের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান। একই সঙ্গে তিনি জানান, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সরকার, সর্বোচ্চ নেতৃত্ব ও সাধারণ জনগণের পাশে থাকার অঙ্গীকার বহাল থাকবে।

