পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক সময়পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাবিহা জামান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা নিজেদের গুনাহ থেকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এরই পরম আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি ত্যাগ, সংযম, ক্ষমা ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা। এই দিনে আমরা যেন রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করি—একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হই, ক্ষমাশীল হই এবং সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।
তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান, যেন সবাই বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও দান-সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন এবং যাকাত ও ফিতরা যথাযথভাবে আদায় করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি আমাদের সিয়াম ও ইবাদত কবুল করেন এবং সবাইকে নেক হায়াত দান করেন।
শেষে তিনি বলেন,“পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে শান্তি, সুখ ও বরকতে পরিপূর্ণ করে তুলুন। ঈদ মোবারক।”

