নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়ার ছেলে ও “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান ও তার পারিবারিক উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে মোঃ মিজানুর রহমানের নিজ বাড়ির আঙিনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা মুফতী আলমগীর হোসেন রাশেদী। তিনি বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং সমাজেসহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
আলোচনা শেষে মিজানুর রহমানের দাদা-দাদী ও পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন আয়োজক মোঃ মিজানুর রহমান নিজেই।
পরে উপস্থিত সকলের মাঝে ইফতার ও নৈশভোজ পরিবেশন করা হয়। সবশেষ ইফতার ও দোয়া মাহফিলটি এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়।

