বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগির মধ্যে ইতোমধ্যে ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগি উদ্ধারে কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
এই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে। দুর্ঘটনাস্থলের আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারা হেঁটে লাইনচ্যুত অংশ পার হয়ে অপর পাশে অন্য ট্রেনে উঠে যাত্রা অব্যাহত রাখছেন।
উল্লেখ্য, বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশত যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এতে যোগ দেন। বুধবার সন্ধ্যা থেকে দুটি উদ্ধারকারী দলের প্রায় ৪০০ কর্মী একযোগে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

