ঈদের ছুটির প্রথম দিন আজ। টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে অনেকেই আগেভাগেই যাত্রা শুরু করায় রেল ও সড়কপথে বেড়েছে চাপ।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্ল্যাটফর্মে প্রবেশে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।
সকাল ৮টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে ৯টি আন্তঃনগর এবং ২টি কমিউটার ট্রেন রয়েছে।
অন্যদিকে, সড়কপথেও বেড়েছে যাত্রীচাপ। গাবতলী বাস টার্মিনাল থেকে সকাল থেকেই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন। দীর্ঘ ছুটির কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন অনেক যাত্রী। যাত্রা নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন নির্ধারিত। এর আগে ও পরে কয়েক দিনের ছুটির সঙ্গে ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। ফলে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এই সময় দেশের সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা—যেমন হাসপাতাল, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা—চলমান থাকবে।

