নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কোনো প্রকার প্রটোকল ছাড়াই তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকেই তিনি হাসপাতালের বাইরে এসে অবস্থান নেন এবং পরে সাড়ে ৮ টায় ভেতরে প্রবেশ করেন।
হাসপাতালে প্রবেশের পর তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাফসান রেজার কক্ষে বসেন। এ সময় ডা. ফারহানা নবীসহ উপস্থিত কয়েকজন চিকিৎসকের সঙ্গে কুশল বিনিময় করে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরে সকাল সোয়া ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার এবং ইউএইচএফপিও ডা. রাফসান রেজাকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান ও নানা সমস্যা সম্পর্কে জানতে চান।
পরিদর্শন শেষে পৌরসভার উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি।এরপর তিনি হাসপাতাল চত্বরে নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
পরবর্তীতে হাসপাতাল গেট এলাকায় সাংবাদিক, স্থানীয় মানুষ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং রোগীর স্বজনদের সঙ্গে খোলামেলা কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বলেন, “এই হাসপাতালে রোগীদের সেবার জন্য ৩২ জন চিকিৎসক দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে যদি কেউ অন্যত্র এটাচমেন্টে চলে যায়, তাহলে রোগীরা সেবা পাবে কীভাবে? জনসংখ্যার তুলনায় এমনিতেই চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা কম।” মন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত রাখা আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না।”
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

