রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সুস্থতার জন্য দোয়া চান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি লিখেছেন, “আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশে রেখেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে আবারও দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

